শিক্ষা

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

আপডেট: জুন ২০, ২০২৬ : ০৫:৫৭ এএম
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশ একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করা জরুরি। এ লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. এহছানুল হক মিলন বলেন, শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণেও সরকার গুরুত্ব দিচ্ছে। কারণ দক্ষ জনশক্তিই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি। কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মানবসম্পদ গঠনে রোটারিয়ানদের আরও সক্রিয় ও সময়োপযোগী ভূমিকা রাখার আহ্বান জানান।

রোটারি বাংলাদেশের কান্ট্রি গভর্নর ড. ইশতিয়াক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!