আগামী তিন মাসের মধ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিনস এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট দূর করতে সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে যেসব বিষয়ের পাঠ্যক্রম ও বিষয়বস্তু একই, সেসব বিষয়েও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ২০২৭-২৮ অর্থবছরে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে ৩ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৪ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৫১ জনকে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, ফখরুল ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!