জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন ২০২৭-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন তাঁর সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন আয়োজনের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মতি দিয়েছেন। সমাবর্তন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অনলাইন নিবন্ধন শুরু করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন নিবন্ধন কার্যক্রম শুরুর উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি এ কার্যক্রমের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনলাইন নিবন্ধন উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। এ সময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আবেদন করা যাবে ২০ নভেম্বর পর্যন্ত
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে আগ্রহী যোগ্য ডিগ্রিধারীরা ১৫ অক্টোবর থেকে আগামী ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে নিবন্ধনের আবেদন করতে পারবেন।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সমাবর্তন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিবন্ধনপ্রক্রিয়া, আবেদন ফি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানা যাবে convocation.jnu.ac.bd ওয়েবসাইটে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!