আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে মরিয়া ছিল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের বারবার প্রত্যাখ্যানের পরও শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় কাতালান ক্লাবটি। তবে আলভারেজকে না পেলে বিকল্প হিসেবে তাদের তালিকায় ছিলেন আরেক আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ।
তবে বার্সেলোনার আগ্রহ থাকলেও ইন্টার মিলান ছাড়ার কথা ভাবেননি লাউতারো। শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আলভারেজকে না পাওয়ার পরিস্থিতিতে বার্সেলোনার আক্রমণভাগ শক্তিশালী করতে সম্ভাব্য বিকল্প হিসেবে লাউতারোর নাম সামনে আসে। যদিও ইন্টার মিলান দাবি করেছিল, তাদের কাছে বার্সেলোনা কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। একই সঙ্গে নিজেদের অধিনায়ককে নিয়ে আলোচনার দরজাও বন্ধ রেখেছিল তারা।
বার্সার আগ্রহের কথা স্বীকার লাউতারোর
ইতালিতে অনুষ্ঠিত ‘গ্রান গালা দেল কালচিও’ অনুষ্ঠানে এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লাউতারো। কাতালান সংবাদপত্র ‘স্পোর্ত’-এর বরাত দিয়ে স্কাই ইতালিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, বার্সেলোনার আগ্রহের খবর সত্য ছিল।
লাউতারো বলেন, ‘এ ধরনের প্রস্তাব পাওয়া সবসময়ই গর্বের বিষয়, কারণ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে থাকার জন্য আমি প্রতিনিয়ত কাজ করি। প্রতিবেদনগুলো সত্য ছিল।’
তবে বার্সেলোনার আগ্রহের পরও ইন্টারেই থাকার ইচ্ছা স্পষ্ট করেছেন ক্লাবটির অধিনায়ক। তাঁর ভাষ্য, ইন্টারই ছিল তাঁর প্রথম পছন্দ এবং সেটি এখনো বদলায়নি।
লাউতারো বলেন, ‘আমি সবসময়ই বলেছি, আমি ইন্টারে থাকতে চাই। আমার সতীর্থ ও আমাদের সমর্থকদের সঙ্গে থাকতে চাই। যতক্ষণ তারা আমাকে চায়, আমি এই ক্লাবেই থাকব।’
ইন্টারেই সুখী লাউতারো
২৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকার সঙ্গে ইন্টার মিলানের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। অন্যদিকে, বার্সেলোনা শেষ পর্যন্ত আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে। চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি।
ভবিষ্যতে দলবদলের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি লাউতারো। তবে ইন্টারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্পষ্ট করেছেন এই ফরোয়ার্ড।
লাউতারো বলেন, ‘আমরা সবাই জানি, ফুটবল বিশ্বে যখন আপনি আর প্রয়োজনীয় থাকেন না, তখন আপনাকে চলে যেতে বলা হয়। ইন্টারের হয়ে খেলা আমার জন্য গর্বের বিষয় এবং আমি এখানে সুখী। আমি থাকতে চাই, প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে চাই এবং ইন্টারের হয়ে বড় শিরোপার জন্য লড়তে চাই।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!